Views Bangladesh Logo

ঢাকা দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ভোটার স্থানান্তরের আবেদন করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে নির্বাচন কমিশন আবেদনটি অনুমোদন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন। এ আসনে ডিএসসিসির ৮ থেকে ১৩ এবং ১৯ থেকে ২১ নম্বর ওয়ার্ড রয়েছে। আসনটিতে মোট ভোটার ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন।

নির্বাচনে পাটওয়ারী ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিএনপির মির্জা আব্বাসের কাছে অল্প ব্যবধানে পরাজিত হন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ