স্ত্রী তামিমাকে পাশে নিয়ে ব্র্যান্ড উদ্বোধন করলেন নাসির
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবার মাঠের বাইরে নতুন এক পরিচয়ে আত্মপ্রকাশ করলেন। রাজধানীর বনশ্রীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল তার পোশাক ব্র্যান্ড ‘বি-পজিটিভ’।
আজ শুক্রবার বনশ্রীর এ কে হ্যারিস ভিলা, হাউস–২, রোড–৩, ব্লক–এফে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ফিতা কেটে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় নতুন এই উদ্যোগের পথচলা।
‘বি-পজিটিভ’ ব্র্যান্ডে পুরুষদের জন্য শার্ট, প্যান্টসহ বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাবে। পাশাপাশি শিশুদের জন্য রাখা হয়েছে আলাদা ও আকর্ষণীয় কালেকশন। মেয়েদের জন্য রয়েছে ওয়েস্টার্ন পোশাকের সংগ্রহ, যেখানে আধুনিক ও ট্রেন্ডি ডিজাইনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দৈনন্দিন ব্যবহার উপযোগী পোশাকের পাশাপাশি উৎসব বা বিশেষ আয়োজনের জন্যও রয়েছে নানা ডিজাইন। আরামদায়ক কাপড়, মানসম্মত সেলাই এবং সময়োপযোগী ফ্যাশনের সমন্বয় রাখার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধন অনুষ্ঠানে নাসির হোসেন বলেন, খেলাধুলার পাশাপাশি দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক কিছু করার পরিকল্পনা ছিল তার। সেই ভাবনা থেকেই ‘বি-পজিটিভ’-এর যাত্রা। ক্রেতাদের জন্য মানসম্মত পণ্য ও যুক্তিসঙ্গত মূল্য নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।
ভবিষ্যতে ব্র্যান্ডটিকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।
ক্রিকেটার হিসেবে পরিচিত মুখ নাসিরের এই নতুন উদ্যোগ ইতোমধ্যে এলাকাবাসী ও ভক্তদের মাঝে কৌতূহল তৈরি করেছে। খেলাধুলার সাফল্যের পর এবার ফ্যাশন অঙ্গনেও নিজের অবস্থান গড়ে তুলতে চান তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে