Views Bangladesh Logo

বিশ্বকাপের অফিসিয়াল বল মহাশূন্যে পাঠাল নাসা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল মহাশূন্যে পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মহাকাশ গবেষণা ও প্রযুক্তির সঙ্গে খেলাধুলার সম্পর্ক তুলে ধরা এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংস্থাটি।

নাসার ভাষ্য অনুযায়ী, মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে অর্জিত বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তি কেবল মহাকাশেই নয়, ক্রীড়াবিজ্ঞান ও মানুষের দৈনন্দিন জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই বার্তা বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের কাছে পৌঁছে দিতেই বিশ্বকাপের বলটি মহাশূন্যে পাঠানো হয়েছে।

এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে নাসা। সেখানে সংস্থাটি লিখেছে, মহাকাশ অনুসন্ধান কীভাবে ক্রীড়াবিজ্ঞান ও দৈনন্দিন জীবনের নানা উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যায়, নতুন প্রজন্মকে তা বোঝাতেই এই আয়োজন।

বিশ্বকাপকে ঘিরে নাসার বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ফিফা ফ্যান ফেস্টিভালে নাসার একটি বিশেষ প্রদর্শনী চলছে। সেখানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পরিচালিত গবেষণা কার্যক্রম এবং চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে পরিচালিত আর্টেমিস কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

দুই দশকেরও বেশি সময় ধরে মহাকাশ স্টেশনে পরিচালিত গবেষণা ক্রীড়াবিজ্ঞানেও উল্লেখযোগ্য অবদান রেখেছে, বিশেষত ফুটবলের বায়ুগতিবিদ্যা ও বলের গতিবিধি বিশ্লেষণে। ২০১৯ সালে আইএসএসের মাইক্রোগ্রাভিটি পরিবেশে পরিচালিত এক গবেষণায় বিজ্ঞানীরা পরীক্ষা করেন, বলের অভ্যন্তরে ভরের বণ্টন তার গতি, ঘূর্ণন ও স্থিতিশীলতায় কতটা প্রভাব ফেলে। ওই গবেষণার ফলাফল বলের ভেতরে স্থাপিত ইলেকট্রনিক সেন্সরসহ আধুনিক প্রযুক্তি ম্যাচ চলাকালে বলের পারফরম্যান্সে কীভাবে প্রভাব ফেলে, তা আরও গভীরভাবে বুঝতে সহায়তা করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ