Views Bangladesh Logo

নরসিংদী-৪ আসনে কারচুপি: মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ ইসির

রসিংদীতে ভোট কারচুপির অভিযোগে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছে, ভোট শুরুর কিছুক্ষণ আগে সাদী ভোটকেন্দ্রে ঢুকে ১২টি ব্যালট বইয়ে জোরপূর্বক আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক 'নৌকা'য় সিল মারেন।

অভিযোগের ভিত্তিতে সকাল ৮টার পর বেলাব উপজেলার সাল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ভোট বাতিল হওয়ায় নরসিংদী-৪ আসনের প্রিসাইডিং অফিসারকেও আটক করেছে পুলিশ।

নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভোট কারচুপির অভিযোগে কেন্দ্রে ভোট বাতিল হওয়ার পরপরই এ আসনের প্রিসাইডিং অফিসার হারুনুর রশিদ, ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।’

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে একটি পৌরসভা ও ২০টি ইউনিয়নের ১৫৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৬১০। এই ভোটারদের মধ্যে ২ লাখ ০২ হাজার ৮২৭ জন নারী, ১ লাখ ৯৯ হাজার ৭৮১ জন পুরুষ এবং তৃতীয় লিঙ্গের দুই ভোটার রয়েছেন।

নরসিংদী-৪ থেকে আওয়ামী লীগের টিকিট নিয়ে হুমায়ূন পুনরায় নির্বাচন করছেন। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খান বিরু স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন।

এর আগে আজ সকাল ৮টা থেকে দেশজুড়ে কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ