সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির
গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান নাহিদ ইসলামের
সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ওই কমিটি সংস্কার প্রক্রিয়া, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত করছে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বও এসব ঘটনার শিকার হচ্ছেন।
তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এসব পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে বর্তমান উদ্বেগগুলো তুলে ধরেছেন।
ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন বলেও উল্লেখ করেন নাহিদ।
তিনি বলেন, নির্বাচনের পর গত সাত থেকে আট মাস ধরে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আওয়ামী লীগের প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে এনসিপি মনে করে।
নাহিদ ইসলাম বলেন, যেকোনো রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে জুলাই, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রধান বিষয় হিসেবে রাখতে হবে। ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশও করেছে এনসিপি।
সংবিধান সংশোধন কমিটির সমালোচনা করে তিনি বলেন, ‘যেই একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সেই কমিটি আসলে সংস্কার প্রক্রিয়াকে, গণভোটের রায় বাস্তবায়ন প্রক্রিয়াকে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।’
এনসিপি ওই কমিটি বাতিলের সুপারিশ করেছে জানিয়ে নাহিদ বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী যে লড়াই হয়েছিল, সেই লড়াই এখনও চলছে। এটি ছিল গণতন্ত্রের পক্ষ ও বিপক্ষের লড়াই। গণতন্ত্র শক্তিশালী করা এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করতে সংস্কার জরুরি।
প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না এবং দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
মতামত দিন