Views Bangladesh Logo

লন্ডনে সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, যুক্তরাজ্যে নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদের

 VB  Desk

ভিবি ডেস্ক

লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ দাবি জানান তিনি।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং ১১ দলীয় ঐক্যের নেতারা অংশ নেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। তবে অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

নাহিদ বলেন, হামলার সময় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাঁরা সরাসরি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। তাঁদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের অতীত রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ তুলে নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। এতে প্রবাসীদের নিরাপত্তার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো দেশে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে সহিংসতা বা ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করতে হবে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দেশটির গণতান্ত্রিক পরিসর ব্যবহার করে রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড যেন সংঘটিত হতে না পারে, সে জন্যও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ