বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন জার্মানি কোচ নাগলসমান
বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার চার দিনের মাথায় জার্মানির কোচের দায়িত্ব ছেড়ে দিলেন ইউলিয়ান নাগলসমান।
স্কাই স্পোর্টসের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) শীর্ষ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন নাগলসমান। দীর্ঘ সেই আলোচনা শেষেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান এই কোচ।
উত্তর আমেরিকার এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের শুরুটা অবশ্য দুর্দান্তই ছিল জার্মানদের। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারায় তারা। তবে গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ওই হারে অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আটকায়নি জার্মানির।
কিন্তু নকআউট পর্বে গিয়েই ঘটে বিপর্যয়। গত সোমবার শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে যায় জার্মানি।
বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম টাইব্রেকারে হারের তেতো স্বাদ পেল তারা। এ নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপে ব্যর্থতার গল্প লিখল জার্মানরা — ২০১৮ ও ২০২২ আসরে গ্রুপ পর্ব পেরোতে না পারার পর এবার বিদায় নিতে হলো নকআউটের প্রথম ধাপেই।
২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মানির দায়িত্ব নেওয়া নাগলসমানের অধীনে ২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল দলটি। প্যারাগুয়ে ম্যাচের পরও তিনি বলেছিলেন, ডিএফবি চাইলে দায়িত্বে থাকতে আপত্তি নেই তার। শেষ পর্যন্ত অবশ্য নিজেই সরে দাঁড়ালেন।
এদিকে নাগলসমানের উত্তরসূরি নিয়ে জল্পনায় সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে ইয়ুর্গেন ক্লপের নাম। স্কাই জার্মানি জানিয়েছে, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রস্তাব পেলে জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন লিভারপুলের সাবেক এই কোচ।
মতামত দিন