অং সান সু চির সাজার মেয়াদ কমালো মিয়ানমার সরকার
হাজারো বন্দির সাজা কমানোর ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এই সাধারণ ক্ষমার আওতায় কারাবন্দি নেত্রী অং সান সু চির সাজা মেয়াদও কমানো হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানিয়েছে, জান্তা প্রধান মিন অং হ্লাইং ৪ হাজার ৩৩৫ জন বন্দির সাধারণ ক্ষমার অনুমোদন দিয়েছেন। জান্তা সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি অন্যতম বড় পদক্ষেপ।
কর্তৃপক্ষ জানিয়েছে, সু চির ২৭ বছরের সাজা থেকে প্রায় সাড়ে চার বছর কমানো হয়েছে। তবে তাকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি অবস্থায় নেওয়া হবে কি না, সে বিষয়টি এখনো অস্পষ্ট।
এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট উইন মিয়ান্তকেও আংশিক ক্ষমা করা হয়েছে। নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে তার বাকি সাজা মওকুফ করা হয়েছে বলে জানা গেছে।
জান্তা সরকার জানিয়েছে, এই সাধারণ ক্ষমার আওতায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন সাজা কমিয়ে ৪০ বছর এবং অন্যান্য মেয়াদের সাজা সংক্ষিপ্ত করা হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৭৯ জন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে।
উল্লেখ্য, সাধারণত জাতীয় দিবস (জানুয়ারি) এবং ঐতিহ্যবাহী নববর্ষ (এপ্রিল) উপলক্ষে দেশটিতে এই ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়ে থাকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে