কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হলো অং সান সু চিকে
মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার (১ মে) এ তথ্য প্রকাশ করা হয়।
৮০ বছর বয়সী এই নোবেলজয়ী নেত্রী ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক ছিলেন। ধারণা করা হয়, রাজধানী নেপিডোর একটি সামরিক কারাগারে তাকে রাখা হয়েছিল।
সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং এক বিবৃতিতে জানান, সু চির বাকি সাজা নির্ধারিত বাসভবনে ভোগ করার অনুমতি দেওয়া হয়েছে।
২০১৫ সালে গণতান্ত্রিক সংস্কারের পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন সু চি। এর আগে দীর্ঘ সময় তিনি সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন চালান এবং ১৫ বছরেরও বেশি সময় গৃহবন্দি ছিলেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ছবিতে তাকে দুজন ইউনিফর্ম পরা ব্যক্তির সঙ্গে বসে থাকতে দেখা গেছে।
তবে এ ঘোষণার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার ছেলে কিম এরিস। তিনি বলেন, ছবিটি ২০২২ সালের পুরোনো এবং এর মাধ্যমে সু চির বর্তমান অবস্থার প্রমাণ পাওয়া যায় না।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আশা করি খবরটি সত্য। কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাইনি, যা থেকে নিশ্চিত হওয়া যায় তিনি সত্যিই গৃহবন্দি হয়েছেন।
তিনি আরও বলেন, যতক্ষণ না তার সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছি বা কেউ স্বাধীনভাবে তার অবস্থান ও শারীরিক অবস্থা নিশ্চিত করছে, ততক্ষণ আমি এ তথ্য বিশ্বাস করতে পারছি না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে