Views Bangladesh Logo

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহতে বেড়ে ৫০

মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি জনবহুল বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৫৮ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ত্রাণকর্মী ও স্থানীয় উদ্ধারকারীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কিয়াউকতাও শহরের নদীর তীরবর্তী একটি বাজার ও সংলগ্ন সেতু এলাকা লক্ষ্য করে আকস্মিক বোমা হামলা চালায় মিয়ানমার সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান। হামলায় তাৎক্ষণিক ৩০ জন নিহতের খবর মিললেও মঙ্গলবার তা ৫০ জনে পৌঁছায়।

রাখাইনের জ্যেষ্ঠ ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেন, ‘প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে এবং ৫৮ জন আহত হয়েছেন। বোমাবর্ষণের পর বাজারে আগুন ধরে যাওয়ায় বেশ কয়েকজন আগুনে পুড়ে মারা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে অন্য এক স্বেচ্ছাসেবকও একই তথ্য নিশ্চিত করেন।

এদিকে মঙ্গলবার সকালে দেওয়া এক বিবৃতিতে এলাকাটির নিয়ন্ত্রণকারী ‘আরাকান আর্মি’ জানায়, হামলায় নিহতদের মধ্যে ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ৫৮ জনের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে নিরপরাধ পথচারী, বাজারের সাধারণ বিক্রেতা, ক্রেতা ও ঘাটের পণ্য খালাসের কাজে নিয়োজিত দিনমজুররা রয়েছেন।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়া রাখাইন রাজ্যের জন্য ভারতের সঙ্গে সংযোগকারী এই নদীপথটি ছিল যোগাযোগের অন্যতম প্রধান রুট। ফলে কিয়াউকতাও শহরের এই বাজারটি পুরো অঞ্চলের জন্য প্রধান অর্থনৈতিক প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল।

বর্তমানে রাখাইনের প্রায় সবকটি অঞ্চল আরাকান আর্মির দখলে রয়েছে। কেবল কয়েকটি শহর নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চীন ও রাশিয়ার তৈরি ফাইটার জেট ব্যবহার করে অনবরত আকাশপথে হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। বিদ্যালয়, বৌদ্ধবিহার ও ধর্মীয় উৎসবের মতো বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো এসব হামলাকে 'যুদ্ধাপরাধ' হিসেবে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

সূত্র: ফ্রান্স ২৪

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ