Views Bangladesh Logo

মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। দীর্ঘদিন পর বিরল এক প্রত্যাবাসন উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার (২৯ জুলাই) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আগে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানালেও বর্তমানে দুই দেশের সুসম্পর্কের কারণে ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে।

এদিকে, কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের বাইরে থেকে সম্প্রতি ১০০ জনের বেশি রোহিঙ্গাকে আটক করেছিল মালয়েশিয়ার কর্তৃপক্ষ। পরে যাচাই-বাছাই শেষে তাদের কাছে ইউএনএইচসিআরের বৈধ নিবন্ধনপত্র থাকায় সবাইকে মুক্তি দেওয়া হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় ২ লাখ ১৫ হাজারের বেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থী বসবাস করছেন। এর মধ্যে ১ লাখ ২৬ হাজারের বেশি রোহিঙ্গা, যা দেশটির সবচেয়ে বড় শরণার্থী জনগোষ্ঠী।

যদিও মালয়েশিয়া বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, দেশটি ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনের সদস্য নয় এবং শরণার্থীদের আনুষ্ঠানিক আইনি স্বীকৃতি দেয় না।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে কয়েক লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশ, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। সেই অভিযানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বিচারাধীন। সূত্র: এএফপি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ