Views Bangladesh Logo

নয়াদিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা শিক্ষার্থীরা

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। ভবনটির ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শিক্ষার্থীসহ মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে পুলিশ, দমকল বাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল।

রোববার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে পিয়ারেলাল রোডের জুয়েলার্স এলাকায় ভবন ধসের খবর পায় দিল্লি ফায়ার সার্ভিস। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। অন্তত ১২টি দমকলের গাড়ি ঘটনাস্থলে কাজ করছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের জীবিত উদ্ধারের চেষ্টা চলছে।

ধসে পড়া ভবনটিতে শিক্ষার্থীদের জন্য পেইং-গেস্ট আবাসন ছিল বলে জানা গেছে। স্থানীয় সূত্রের বরাতে গালফ নিউজ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া কয়েকজন শিক্ষার্থী ফোন করে সাহায্য চেয়েছেন। উদ্ধারকারীরাও ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের চিৎকার ও সাহায্যের আবেদন শুনতে পেয়েছেন বলে জানা গেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে ভবনটিতে দুর্ঘটনার সময় ঠিক কতজন মানুষ ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, সেখানে কয়েক ডজন শিক্ষার্থী ও অন্যান্য বাসিন্দা থাকতে পারেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আটকে পড়া ব্যক্তিদের দ্রুত উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পাশের একটি ভবনও খালি করে দেওয়া হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিসের ডিভিশনাল অফিসার রামগোপাল মীনা জানিয়েছেন, ভবনটিতে ধসের সময় সেটি ভাঙার কাজ চলছিল। ভবনটি অনেক পুরোনো ও জরাজীর্ণ অবস্থায় ছিল বলেও জানান তিনি।

ভবনটি কেন ধসে পড়েছে, তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ