Views Bangladesh Logo

'বিশেষায়িত রাজশাহী শিশু হাসপাতালটি চালুর উদ্যোগ নিয়েছে সরকার'

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, বিশেষায়িত রাজশাহী শিশু হাসপাতালটি চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পরিদর্শনে এসে এতথ্য জানান স্বাস্থ্যসচিব। স্বাস্থ্যসচিবের সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, ‘আমরা তিন মাসের মধ্যে আংশিকভাবে রাজশাহী শিশু হাসপাতাল চালু করব। সেখানে প্রথমে আউটডোর সেবা শুরু হবে এবং আগামী অর্থবছরে অন্য সেবাগুলোও চালু হবে। এ ছাড়া সদর হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতালসহ যেসব হাসপাতালের অবকাঠামো তৈরি আছে, সেগুলো সচল করার উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথাও জানান।’

শিশু হাসপাতালটি চালু না হওয়ায় রামেক হাসপাতালের শিশু বিভাগে রোগীর চাপ প্রচণ্ড। রাজশাহী ছাড়াও রংপুর ও খুলনা বিভাগের শিশুরা এই হাসপাতালে চিকিৎসা নেয়। হাসপাতালের ২০০ শয্যার বিপরীতে প্রায় ৭০০ রোগী ভর্তি থাকে। ফলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় কর্তৃপক্ষ। রামেক হাসপাতালে শিশুদের জন্য মাত্র ১২টি আইসিইউ শয্যা আছে। এই শয্যার জন্য সব সময় দীর্ঘ লাইন থাকে। সিরিয়াল দিলে ৩০ থেকে ৫০ জনের পর ডাক পড়ে।

প্রায় আট বছর আগে নগরের বন্ধগেট এলাকায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ২০০ শয্যাবিশিষ্ট রাজশাহী শিশু হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। তিন বছর আগেই এর কাজ শেষ হয়েছে। কিন্তু সরকারি কোনো কর্তৃপক্ষ হাসপাতালটি বুঝে না নেওয়ায় সেবা কার্যক্রম শুরু হয়নি।

রোববার রাজশাহীতে শিশু মৃত্যুরোধ, সহজলভ্য ও সুচিকিৎসা নিশ্চিতে অবিলম্বে বিশেষায়িত রাজশাহী শিশু হাসপাতাল চালু ও অতি সংক্রমক রোগ ‘হাম’ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ‘স্বাধীন ও স্থায়ী স্বাস্থ্য কমিশন’ গঠনসহ ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাজশাহীর সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেছে বরেন্দ্র অঞ্চলের যুব ও উন্নয়ন, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ