Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তাঁদের সংসদ সদস্য পদ থাকবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখনো সংশোধন করা হয়নি। তাই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও এই অনুচ্ছেদ কার্যকর থাকবে।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ হুইপ এ কথা বলেন। তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। কেউ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হবে।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংরক্ষিত নারী আসনের ৫০ জনসহ মোট ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন। ক্ষমতাসীন বিএনপির পাশাপাশি ১১ দলীয় জোটও প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে এবার একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে নুরুল ইসলাম মনি বলেন, সংসদ সদস্যরা প্রার্থীর নামের সামনে প্রকাশ্যে তাঁর নাম লিখবেন এবং বিভক্তি সংখ্যা উল্লেখ করবেন। ফলে কোন সংসদ সদস্য কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা জানা যাবে।

ভোটের দিন সংসদ কক্ষে বৈঠক ডাকবেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি নির্বাচনী কর্তা হিসেবে বৈঠকে সভাপতিত্ব করবেন। সংসদ সদস্যরা নির্ধারিত আসনে বসে ভোট দেবেন।

তফসিল অনুযায়ী, ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এর আগেই সব ভোট পড়লে ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে। তবে কোনো সংসদ সদস্য দেরিতে ভোট দিতে এলে বিকেল ৫টা পর্যন্ত সময় পাবেন।

চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার ভোট দেওয়ার সময় তা গণমাধ্যমে দেখানো হবে। এরপর সংসদ সদস্যরা নির্ধারিত সময়ে ভোট দেবেন। সবার ভোট দেওয়া শেষ হলে ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে। তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদের কোনো বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ