Views Bangladesh Logo

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু আজ

বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ শুক্রবার (২১ আগস্ট)। সকাল ১১টা থেকে অনলাইনে এ আবেদন করা যাবে। আবেদন গ্রহণের কার্যক্রম চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে যোগ্য শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন। এ জন্য শিক্ষকদের মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

বদলি কার্যক্রমের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকেই আবেদন প্রক্রিয়া চালু হবে। এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) বদলির আবেদন শুরুর বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে মাউশি। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান।

মাউশির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের সংশোধিত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার আওতায় এ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টরসহ বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বদলির জন্য আবেদন করতে পারবেন।

একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বদলির আবেদন করার সুযোগ পাবেন। আবেদন জমা দেওয়ার পর বদলি নীতিমালায় নির্ধারিত শর্ত অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে আবেদন যাচাই করা হবে। যাচাই শেষে প্রাপ্যতা ও নীতিমালা অনুসরণ করে বদলির আদেশ জারি করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বদলির ক্ষেত্রে প্রথমে নিজ জেলার শূন্য পদ বিবেচনায় নেওয়া হবে। তবে নিজ জেলায় সংশ্লিষ্ট বিষয়ে কোনো শূন্য পদ না থাকলে নিজ বিভাগের অন্য জেলার বিদ্যমান শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ