Views Bangladesh Logo

ব্রড পিকে তুষারধসে খ্যাতিমান পর্বতারোহী নির্মল পুরজাসহ নিখোঁজ ১০ জনের সবাই নিহত

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষারধসে খ্যাতিমান পর্বতারোহী নির্মল পুরজা ও তাঁর নয় সঙ্গী নিহত হয়েছেন। গতকাল শনিবার পুরজার অভিযান আয়োজনকারী প্রতিষ্ঠান এলিট এক্সপেড এ খবর নিশ্চিত করেছে। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গে দ্রুততম আরোহণের রেকর্ড গড়ে খ্যাতি পেয়েছিলেন ৪৩ বছর বয়সী নেপালী এই পর্বতারোহী।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এলিট এক্সপেড জানায়, আজ আমরা গভীর শোক ও অপরিসীম বেদনার সঙ্গে নিশ্চিত করছি যে নির্মল ‘নিমসদাই’ পুরজা ব্রড পিকে তুষারধসে দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন। আমরা এটিও নিশ্চিত হয়েছি যে অভিযানে থাকা অন্য সদস্যরাও বেঁচে নেই।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এই অকল্পনীয় ক্ষতির যন্ত্রণা কোনো কথাতেই লাঘব হওয়ার নয়। আমরা কেবল নিমসের জন্য নয়, এই বিপর্যয়ে হারিয়ে যাওয়া প্রতিটি প্রাণের জন্য শোকাহত।



গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলের ব্রড পিকে আরোহণের সময় তুষারধসের কবলে পড়ে ১০ সদস্যের দলটি। এরপর থেকেই বেসক্যাম্পের সঙ্গে তাঁদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন শুক্রবার সকালে পাকিস্তান সেনাবাহিনীর দুটি উদ্ধারকারী হেলিকপ্টার নিখোঁজদের সন্ধানে পাঠানো হয়। উঁচু পাহাড়ে অভিজ্ঞ কুলি ও উদ্ধারকারী দলও অভিযানে যোগ দেয়।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কে-টু থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ব্রড পিক বিশ্বের ১২তম সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা ৮ হাজার ৫১ মিটার। এই শৃঙ্গে আরোহণ অত্যন্ত কঠিন।

নিহতদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যালরি গেইস, ওমানের নাদিরা আল-হারথি এবং নেপালের পুর বাহাদুর গুরুং ‘যুক্তা’ ও নিমা শেরপা। এ ছাড়া দলটিতে ছিলেন পাকিস্তানের সোহেল সাখি ও চীনের এক নাগরিক। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে নেপালি পর্বতারোহীদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। উদ্ধার করা কয়েকজনের মরদেহ হেলিকপ্টারে করে পাকিস্তানের হাসপাতালে নেওয়া হয়েছে।

ব্রিটিশ সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের সাবেক সদস্য পুরজা ২০১৯ সালে মাত্র ১৮৯ দিনে বিশ্বের আট হাজার মিটারের বেশি উঁচু ১৪টি শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড গড়েন। যদিও ২০২৩ সালে সেই রেকর্ড ভেঙে যায়। ২০২১ সালে নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র ‘ফোরটিন পিকস: নাথিং ইজ ইম্পসিবল’ মুক্তির পর তিনি আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি পান। ওই বছরের জানুয়ারিতে ১০ নেপালি পর্বতারোহীর একটি দলের অংশ হিসেবে কে-টু শৃঙ্গে ইতিহাসের প্রথম সফল শীতকালীন আরোহণও সম্পন্ন করেছিলেন তিনি।

Landscape picture of snow-capped mountain



ব্রড পিক জয়ের পর চীনের চো ওইউ শৃঙ্গে ওঠার পরিকল্পনা ছিল পুরজার। সেটি সফল হলে তিনিই হতেন বিশ্বের প্রথম ব্যক্তি, যিনি আট হাজার মিটারের বেশি উঁচু ১৪টি শৃঙ্গেই দুবার করে আরোহণ করেছেন। অভিযানে রওনা হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আমি কোনো পাহাড়কেই হালকাভাবে নিই না। একটিকেও না। বেসক্যাম্প থেকে পা বাড়ানোর মুহূর্ত থেকেই সেটি শতভাগ। সব সময় তা-ই ছিল, তা-ই থাকবে।’

পাকিস্তানের পর্বতারোহণের ইতিহাসে আধুনিক সময়ের সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছিল ২০০৮ সালে, যখন কে-টুতে তুষারধসে ১১ জন পর্বতারোহী নিহত হন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ