শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় রাইড শেয়ারিং চালক নিহত
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সবুজ রহমান (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় রাইড শেয়ারিং চালক ছিলেন।
শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই আজিজুল ইসলাম জানান, সবুজ মোটরসাইকেলে একজন যাত্রী নিয়ে মগবাজারের দিকে যাচ্ছিলেন। পথে ‘হিমাচল’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সবুজ রহমানের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার নটাবাড়ি এলাকায়। তিনি মশিউর রহমানের ছেলে। বর্তমানে রাজধানীর শ্যামলী এলাকায় বসবাস করতেন। তিনি দুই সন্তানের জনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
মতামত দিন