Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তা বেষ্টনীতে মোটরসাইকেল, পুলিশ হেফাজতে যুবক

রাজধানীর ফার্মগেটে বিএনপির সভায় যোগ দিতে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে কাছে চলে যাওয়ার অভিযোগে এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফার্মগেটের খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

হেফাজতে নেওয়া যুবকের নাম মুবিন মাঝি। তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মুবিন মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে যান। একপর্যায়ে তিনি গাড়ির পাশে গিয়ে প্রধানমন্ত্রীকে সালাম দেন। পরে ঘটনাস্থলেই তাকে হেফাজতে নেয় পুলিশ।

মুবিন মাঝি দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তার পরিবারের একাধিক সদস্য শিক্ষকতা ও স্থানীয় সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার এক চাচা ইদ্রিস মাঝি অবসরপ্রাপ্ত শিক্ষক। অপর চাচা প্রয়াত ইউসুফ মাঝি সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র সংসদের এজিএস ছিলেন। আরেক চাচা শাহিন মাঝি দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, মুবিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। পরে ঢাকায় ফিরে মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের কাজ শুরু করেন। বর্তমানে স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন তিনি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মুবিনের পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ