মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরেই ম্যারাথনে চ্যাম্পিয়ন মা
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে ম্যারাথনে অংশ নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী এক মা। শাড়ি পরে ও খালি পায়ে দৌড়ে একাধিক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই রণবীর।
ভারতের বিড জেলায় ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয় ‘অমৃত দৌড়’ নামের এই ম্যারাথন। ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয় দৌড়টি। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন।
সবার মতো রমাবাইও সাধারণ শাড়ি ও চপ্পল পরে দৌড়ে অংশ নেন। তবে কিছুদূর যেতেই অসমান রাস্তায় বারবার পা থেকে খুলে যেতে থাকে তাঁর চপ্পল। এতে গতি কমে যাওয়ায় আর সময় নষ্ট না করে চপ্পল দুটি হাতে তুলে নেন তিনি।
এরপর পাথর ও রুক্ষ পথের তোয়াক্কা না করে খালি পায়েই দৌড়াতে শুরু করেন রমাবাই। পায়ের ব্যথা উপেক্ষা করে একে একে তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে ম্যারাথনের বিজয়ী হন এই মা।
রমাবাইয়ের এই লড়াই ও সাফল্য দেখে উপস্থিত দর্শক ও আয়োজকদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়। বয়স, পোশাক কিংবা পায়ের জুতা কোনো কিছুই যে ইচ্ছাশক্তির সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, তাঁর এই জয় যেন তারই উদাহরণ হয়ে উঠেছে।
ম্যারাথনে প্রথম হয়ে পুরস্কার হিসেবে ৩ হাজার রুপি পেয়েছেন রমাবাই। তবে সেই অর্থ নিজের জন্য খরচ না করে পুরো টাকাই মেয়ের পড়াশোনার পেছনে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয়েই যে তাঁর এই দৌড়, পুরস্কারের অর্থ সেই লক্ষ্যেই তুলে দিতে চান তিনি।
মতামত দিন