ইরান যুদ্ধ
সংযুক্ত আরব আমিরাতে নিহতদের বেশিরভাগই পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের নাগরিক
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত বেসামরিকদের মধ্যে একজন বাদে বাকি সবাই পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের নাগরিক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
নিহত ছয় বেসামরিকের নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে তিনজন পাকিস্তানের, একজন বাংলাদেশের, একজন নেপালের এবং একজন ফিলিস্তিনের নাগরিক।
নিহত বাংলাদেশির নাম আহমেদ আলী। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামের বাসিন্দা।
মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া ইরান যুদ্ধের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন দুবাই, একজন বাহারাইন এবং তিনজন সৌদি আরবে মারা গেছেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গাল্ফ নিউজ জানিয়েছে, গত ১৭ মার্চ ইরানের ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪৫টি ড্রোন প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
আর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬৭২টি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ হামলায় আহতদের মধ্যে আরব আমিরাত, বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, ফিলিস্তিন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন।
এদিকে, চলমান উত্তেজনার মধ্যে ১০ মার্চ সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সশস্ত্র বাহিনীর দুই কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে