Views Bangladesh Logo

ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মারাকেশের মেয়র ফাতিমা এজ্জাহরা এল মানসুরি। গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর মঙ্গলবার তাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এ তথ্য জানিয়েছে।

রাজকীয় মন্ত্রিসভা জানিয়েছে, ৫০ বছর বয়সী ফাতিমা এজ্জাহরা এল মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি মরক্কোর আবাসন মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর টেলিভিশনে দেওয়া বক্তব্যে এল মানসুরি বলেন, তার এই নিয়োগ ‘সত্যিই ঐতিহাসিক’। মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এই অর্জন শুধু তার নিজের জন্য নয়, দেশের সব নারীর জন্যই গর্বের বিষয়।

এল মানসুরির নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থি অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি বা পিএএম গত সপ্তাহের নির্বাচনে ৩৯৫ আসনের প্রতিনিধি পরিষদে ৯৭টি আসন পেয়েছে। দলটি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩১টি বেশি আসন পেলেও এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮ আসনের তুলনায় তাদের আসনসংখ্যা অনেক কম। ফলে সরকার গঠনে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করতে হবে পিএএমকে।

নিয়োগের পর এল মানসুরি বলেন, ‘কাজ আজ থেকেই শুরু হচ্ছে।’ প্রথমে নিজেদের দলের মধ্যে আলোচনা হবে এবং এরপর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সরকার গঠন নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।

২০০৮ সালে বর্তমান রাজকীয় উপদেষ্টা ফুয়াদ আলী এল হিম্মার প্রতিষ্ঠিত পিএএমে যোগ দেন এল মানসুরি। ইসলামপন্থী আন্দোলনের বিপরীতে রাজনৈতিক ভারসাম্য তৈরির লক্ষ্য নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর এক বছর পর, ২০০৯ সালে, তিনি মারাকেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন। ছয় বছর দায়িত্ব পালনের পর মেয়র পদ হারালেও ২০২১ সালে আবারও মারাকেশের মেয়র নির্বাচিত হন তিনি।

তার নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মরক্কোর রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। সরকার গঠনের জন্য এখন পিএএমকে বিভিন্ন দলের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ