Views Bangladesh Logo

মালয়েশিয়ায় ৯ মাসে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। একই সময়ে সারা দেশে ৯ হাজার ৭০০টির বেশি অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজারেরও বেশি বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়েছে।

সোমবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৫ হাজারের বেশি জনকে জেআইএমের নিজস্ব অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আর ২২ হাজারের বেশি বিদেশিকে দেশের বিভিন্ন প্রবেশপথে আটক করা হয়েছে অথবা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছ থেকে হস্তান্তরের পর জেআইএমের হেফাজতে নেওয়া হয়েছে।

লোকমান এফেন্দি বলেন, ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২৬০ দিনে দেশজুড়ে ৯ হাজার ৭০০টির বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৩৭টি অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ।

সোমবার ভোরে স্থানীয় একটি আবাসিক এলাকায় ফ্ল্যাট শ্রী কলামে সমন্বিত অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। অভিযানে জেআইএমের পাশাপাশি জাতীয় নিরাপত্তা পরিষদ (এমকেএন), জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন) এবং মালয়েশিয়া সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) সদস্যরা অংশ নেন।

ফ্ল্যাট শ্রী কলামের অভিযানে ১৩৩ জন বিদেশি নাগরিককে পরীক্ষা করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। কর্মকর্তারা জানান, আটকদের বিরুদ্ধে নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান, বৈধ ভ্রমণ নথি না থাকা এবং অনুমোদিত উদ্দেশ্যের বাইরে পাস বা ওয়ার্ক পারমিট ব্যবহারের মতো অভিযোগ রয়েছে।

জেআইএমের এই কর্মকর্তা বলেন, অবৈধ অভিবাসন ঠেকাতে তাদের অভিযান শুধু বিদেশি নাগরিকদের আটকের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়া ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক এবং বাড়ি বা আবাসিক স্থাপনার মালিকদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বৈধ কর্মসংস্থান পাস ছাড়া কোনো নিয়োগকর্তা অবৈধ অভিবাসীকে কাজে নিয়োগ বা আশ্রয় দিলে তার বিরুদ্ধে মামলা করা হবে। একইভাবে অবৈধ অভিবাসীদের কাছে বাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান ভাড়া দেওয়া মালিকদেরও আইনের আওতায় আনা হবে।

জেআইএমের তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সারা দেশে ১ হাজার ৭২০ জন নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। ২৬০ দিনের হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ছয়জন নিয়োগকর্তা বা স্থাপনার মালিকের বিরুদ্ধে এ ধরনের মামলা করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ