সৌদিতে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
সৌদি আরবে আবাসিক, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক সপ্তাহের বিশেষ অভিযানে ১৩ হাজার ৬২৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১২ হাজারের বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে চালানো অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৯৩ জন আবাসিক আইন, ৩ হাজার ৫৩১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫০৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের সময় ১ হাজার ১৯৯ জনকে আটক করা হয়। তাদের বড় একটি অংশ ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আরও ২৭ জনকে আটক করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে। এরই মধ্যে ১৮ হাজারের বেশি ব্যক্তিকে প্রয়োজনীয় ট্রাভেল পাস ও অন্যান্য নথিপত্র সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
এদিকে বর্তমানে ৩১ হাজারের বেশি বিদেশি নাগরিক আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা অন্য কোনোভাবে সহায়তা করার অভিযোগে ২২ জন স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে।
অবৈধ অভিবাসন ঠেকাতে সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে আশ্রয় দেওয়া, পরিবহন করা বা লুকিয়ে থাকতে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।
সৌদি কর্তৃপক্ষ নাগরিক ও বাসিন্দাদের অবৈধভাবে প্রবেশকারী বা অবস্থানকারীদের বিষয়ে তথ্য দিতে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মতামত দিন