এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন দলের আরেক নেত্রী মনিরা শারমিন।
রোববার (৩ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া এক চিঠিতে তিনি এ আবেদন জানান।
চিঠিতে মনিরা শারমিন উল্লেখ করেন, তার দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা উচিত হবে না। তার মতে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে গেজেট প্রকাশ করা হলে তিনি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে পারেন।
তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমে তার মনোনয়নপত্র বাতিল করা হয় এবং পরে আপিলও খারিজ হয়ে যায়। পরবর্তীতে তিনি বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের শুনানির দিন ৪ মে নির্ধারিত রয়েছে। তাই আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।
অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে গ্রহণ না করা হলেও পরে আদালতের নির্দেশে তা বৈধ ঘোষণা করা হয় এবং তাকে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বিষয়টি বর্তমানে বিচারাধীন থাকায় আদালতের রায়ের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত যদি মনিরা শারমিনের পক্ষে রায় দেন, তাহলে সংশ্লিষ্ট আসনে নতুন করে ভোট বা প্রক্রিয়া হতে পারে। আর রিট খারিজ হলে নুসরাত তাবাসসুমই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে গেজেটভুক্ত হবেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও একটি আসনকে ঘিরে আইনি জটিলতা এখনও নিষ্পত্তি হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে