ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি
ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে।
বাংলাদেশ সময় সোমবার রাত সোয়া ৩টার দিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট ভোটের মাধ্যমে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে।
৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত এই পরিষদই ইরানের সুপ্রিম লিডার নির্বাচন করে থাকে। সর্বশেষ বৈঠকে ভোটাভুটির মাধ্যমে মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়। নতুন নেতার প্রতি জনগণকে সমর্থন জানানোর আহ্বানও জানিয়েছে পরিষদটি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্ত্রী ও মেয়েসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার সঙ্গে আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকার সময় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল। ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল।
বাবা বয়সের ভারে ন্যুব্জ হওয়ার পর থেকেই তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল। বর্তমানে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এ বিষয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মোজতবা খামেনি সুপ্রিম লিডার হলে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি আরও দাবি করেন, ইরানের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করতে হবে। তবে ট্রাম্পের এই বক্তব্যকে উপেক্ষা করেই আয়াতুল্লাহ আলি খামেনির ছেলেকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানের প্রথম সুপ্রিম লিডার হন আয়াতুল্লাহ খোমেনি। তার মৃত্যুর পর দায়িত্ব পান আয়াতুল্লাহ আলি খামেনি। সাম্প্রতিক হামলায় তার মৃত্যুর পর এবার তার ছেলে মোজতবা খামেনি ইরানের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
সূত্র: আলজাজিরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে