ইরানের সামরিক বাহিনীর ছয় শীর্ষ পদে নতুন কমান্ডার নিয়োগ
ইরানের সামরিক বাহিনী ছয়টি গুরুত্বপূর্ণ পদে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা হোসেইনি খামেনি। সোমবার (১০ আগস্ট) সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), আইআরজিসির নৌবাহিনী ও বাসিজ রেজিস্ট্যান্স ফোর্সে নতুন নেতৃত্ব নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে ছয়জন সিনিয়র কমান্ডার ও কর্মকর্তার দায়িত্ব নির্ধারণ করা হয়।
নতুন নিয়োগ অনুযায়ী মেজর জেনারেল আলি আবদুল্লাহি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং ব্রিগেডিয়ার জেনারেল গিয়োমারস হেইদারি ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদিকে মেজর জেনারেল পদে উন্নীত করে আইআরজিসির কমান্ডার-ইন-চিফ করা হয়েছে। অন্যদিকে, মেজর জেনারেল মোস্তফা ইজাদিকে আইআরজিসির ডেপুটি কমান্ডার-ইন-চিফ এবং রিয়ার অ্যাডমিরাল আলি আজমাইকে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে বাসিজ মোস্তাজাফান সংগঠনের প্রধান করা হয়েছে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হোসেইন তাইয়েবকে ।
এই নিয়োগগুলো আইআরজিসি ও তার নৌবাহিনীসহ ইরানের সামরিক কমান্ড কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।
একই দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন। আইএসএনএ সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি জানান, খামেনির সঙ্গে তার খুব ভালো বৈঠক হয়েছে।
এর আগে রবিবার সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে নিজের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন মোজতাবা খামেনি। তিনি মোহাম্মদ বাকের জোলঘাদরের স্থলাভিষিক্ত হয়েছেন।
খামেনির নামে পরিচালিত এক্স অ্যাকাউন্টে বলা হয়, দীর্ঘ সামরিক অভিজ্ঞতার কারণে রেজাইকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। রেজাই ইরান-ইরাক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন।
এর আগে এই পদে দায়িত্ব পালন করছিলেন আলি লারিজানি। তিনি চলতি বছরের মার্চে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন।
সূত্র: আল-জাজিরা
মতামত দিন