Views Bangladesh Logo

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে সৌদি আরব থেকে ফিরলেন মোদী

জেদ্দা থেকে দেশে ফেরার সময় পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে গেল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্লেন।

নিউজ১৮ জানিয়েছে, বুধবার (২৩ এপ্রিল) সকালে এয়ার ইন্ডিয়া ওয়ান প্লেনটি আরব সাগরের উপর দিয়ে উড়ে এসে গুজরাট হয়ে নয়াদিল্লিতে প্রবেশ করে।

জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী তার দুদিনের সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বুধবার রাতে ভারতে ফিরে আসার কথা ছিল তার। তবে উদ্ভূত ঘটনার প্রতিক্রিয়ায় তার পরিকল্পনাগুলো পরিবর্তন করা হয়েছিল।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে জেদ্দায় পৌঁছানো প্রধানমন্ত্রী মোদী কাশ্মীর পরিস্থিতি পর্যালোচনার জন্য তাদের নির্ধারিত বৈঠকও দুই ঘণ্টা বিলম্বিত করেছিলেন। সন্ধ্যায় সৌদি বাদশাহর সরকারি নৈশভোজও এড়িয়ে যান তিনি।

ইকোনমিক টাইমস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিসরিকে নিয়ে বিমানবন্দরেই জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঘটনার পর পরই প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘এই জঘন্য কাজের পেছনে যারা রয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে এবং রেহাই দেয়া হবে না’।

এক্স -এ পোস্ট করে তিনি আরও বলেন, ‘আমি জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করছি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব সহায়তা দেয়া হচ্ছে। এই জঘন্য কাজের পেছনে যারা রয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে...তাদের রেহাই দেয়া হবে না! তাদের দুষ্ট এজেন্ডা কখনোই সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের সংকল্প অটল এবং এটি আরও শক্তিশালী হবে’।

সরকারি সূত্র পিটিআইকে জানিয়েছে, একজন ইন্সপেক্টর জেনারেলের নেতৃত্বে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি দলকে সন্ত্রাস-কবলিত পহেলগামে পাঠানো হয়েছে। মঙ্গলবারের নৃশংস সন্ত্রাসী হামলার তদন্তে স্থানীয় পুলিশকে সহায়তা করবে দলটি।

সন্ত্রাসীরা পহেলগামের বৈসরান তৃণভূমিতে খাবারের দোকানে ঘুরতে, ঘোড়ায় চড়ে বেড়াতে বা পিকনিক করতে যাওয়া পর্যটকদের উপর গুলি চালায়, যা তার নির্মল সৌন্দর্যের জন্য ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ