জেন-জি’দের উদ্দেশ্যে মোদির এক ভিডিও ভেঙে দিল ইনস্টাগ্রামের সব রেকর্ড
ভারতে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তির (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট–নিট) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে ইনস্টাগ্রামে এক ভিডিও দিয়েই রেকর্ড গড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ভিডিওটি সামাজিক এই যোগাযোগমাধ্যমের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
২৪ ঘণ্টায় নরেন্দ্র মোদির ৪০ সেকেন্ডের একটি রিল নেটপাড়ায় রীতিমতো ঝড় তুলেছে। প্রকাশের মাত্র একদিনের মধ্যেই ভিডিওটির ভিউ সংখ্যা দাঁড়িয়েছে ৩২৮ মিলিয়ন, যা ইনস্টাগ্রামের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে বিশ্বজুড়ে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ডটি ছিল ৩০০ মিলিয়নের।
ভিডিওতে, ‘জেন-জি’দের উদ্দেশ্যে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ধন্যবাদ ফ্রেন্ডস, গতকাল রাতে (২৩ জুলাই) আপনাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেয়েছিলাম। কাল (২৩ জুলাই) যে ভিডিও পোস্ট করেছিলাম, তাতে আপনারা যেভাবে রেসপন্স দিয়েছেন এবং পজিটিভ পরামর্শ পাঠিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এমনই থাকবে এবং আমাদের সম্পর্ক আরও মজবুত হবে।’
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আপনাদের এই ভালোবাসা অটুট থাকবে এবং আমাদের মনের টান আগামীতে আরও মজবুত হবে।’
মূলত, দিল্লির যন্তর মন্তরে যখন হাজারো শিক্ষার্থী সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষার অনিয়ম নিয়ে আন্দোলনে সোচ্চার, ঠিক সেই সময়েই সরাসরি তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’দের সঙ্গে সংযোগ স্থাপন করতে মাঠে নামেন প্রধানমন্ত্রী। রাতারাতি ভাইরাল হওয়া সেই ভিডিওতে নরেন্দ্র মোদি স্পষ্ট জানান, পরীক্ষা নিয়ে জালিয়াতিকে সরকার মোটেও হালকাভাবে নিচ্ছে না।
শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সে জন্য দ্রুত পুনরায় পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
এ ধরনের অপরাধ দমনে কঠোর শাস্তির বিধান এবং দ্রুত বিচার নিশ্চিত করতে নতুন আইন ও ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণাও দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীর এই তাৎক্ষণিক পদক্ষেপ ও গভীর রাতের বিশেষ ডিজিটাল বার্তাটি তরুণ সমাজের একাংশের ক্ষোভ প্রশমনে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক ও সামাজিক মহলে।
মতামত দিন