Views Bangladesh Logo

ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তের সমালোচনায় মোদি, আপসহীন থাকার ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেয়ার পর এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেছেন, ‘ভারতের কৃষকদের স্বার্থে আমরা কোনো আপস করব না, তা যত বড় মূল্যই দিতে হোক না কেন।’

বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে মোদি বলেন, ‘আমাদের কাছে কৃষকের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। কৃষি, দুগ্ধ বা মৎস্য খাত নিয়ে ভারত কখনো পিছু হটবে না।’

এই বক্তব্য আসে ঠিক সেই সময়ে, যখন ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এতে মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশ, যা যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর আগে কখনো আরোপ করেনি। ট্রাম্পের যুক্তি, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বন্ধ করতেই এই শাস্তিমূলক পদক্ষেপ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘চরম দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করে বলেছে, ‘ভারত জাতীয় স্বার্থে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ককে চাপে ফেলেছে। ইতোমধ্যে দুই দেশের মধ্যে পাঁচবার আলোচনা হলেও ফল আসেনি। ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত না করার সিদ্ধান্ত এবং রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখাই মূল বাধা।

এদিকে, চীনও রাশিয়ার থেকে বিপুল পরিমাণ তেল কিনলেও তাদের বিরুদ্ধে এমন শুল্ক আরোপ করা হয়নি। কারণ হিসেবে মনে করা হচ্ছে, চীনের কাছ থেকে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান আমদানি করে যুক্তরাষ্ট্র, তাই তাদের ওপর এমন ব্যবস্থা নেয়নি ওয়াশিংটন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব দাম্মু রবি বলেছেন, ‘এই শুল্ক বৃদ্ধির কোনো যুক্তি নেই। আমরা বিশ্বাস করি, পারস্পরিক স্বার্থে বিশ্ব দেশগুলো মিলেই এর সমাধান খুঁজে নেবে।’

এ সংকটকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কূটনৈতিক দ্বন্দ্ব হিসেবে দেখা হচ্ছে। ভারত এখন বিকল্প কূটনৈতিক সম্পর্ক গড়ার চিন্তা করছে, যাতে নির্দিষ্ট কোনো দেশের ওপর নির্ভরতা না থাকে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদির আসন্ন চীন সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে—সাত বছরে এই প্রথমবার তিনি বেইজিং যাচ্ছেন।

এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা জানিয়েছেন, এই ইস্যু ব্রিকস জোটে তোলা হবে এবং তিনি মোদির সঙ্গে আলোচনার পর চীনের প্রেসিডেন্টসহ অন্য নেতাদের সঙ্গে যৌথ প্রতিক্রিয়ার বিষয়ে আলোচনা করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ