Views Bangladesh Logo

প্রশ্নফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিতর্কিত নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সরকার শিক্ষার্থীদের পাশে রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, প্রশ্নফাঁস একটি জাতীয় উদ্বেগের বিষয়। এটি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নরেন্দ্র মোদি। বৈঠকে শিক্ষা, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), কৃষকদের কল্যাণ এবং দেশের সাম্প্রতিক অর্জন নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসকে জাতীয় উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। এ ধরনের অপরাধ বন্ধে কেন্দ্র ও রাজ্য সরকারকে সমন্বিতভাবে কাজ করার ওপরও জোর দিয়েছেন তিনি।

রিজিজু বলেন, প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। এ ঘটনায় ১৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য দ্রুত পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

নরেন্দ্র মোদির উদ্ধৃতি দিয়ে রিজিজু বলেন, প্রশ্নফাঁসের ঘটনাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা উচিত নয়। দেশের যেকোনো প্রান্তে এ ধরনের অপরাধ নির্মূলে কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশের কোথাও প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত কেউ যেন আইনের হাত থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি পুনর্ব্যক্ত করেন, দেশের তরুণদের ভবিষ্যৎ কোনোভাবেই ঝুঁকির মুখে ফেলা যাবে না।

নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ তীব্র হওয়ার একদিন পর মোদির এই মন্তব্য এলো। এর আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করে তাদের দাবি তুলে ধরে। একই সময়ে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনাও ঘটে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ