Views Bangladesh Logo

পহেলগামে হামলায় পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপের ইঙ্গিত নরেন্দ্র মোদির

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপের কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিশ্রুতি দিয়েছেন, তার দেশ ‘প্রত্যেক সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত ও খুঁজে বের করবে এবং তাদের কল্পনার বাইরে শাস্তি দেবে’।

এই হামলায় দায়ীদের কঠোর পরিণতির মুখোমুখি হওয়া নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞাও উচ্চারণ করেন মোদী। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদী ছাড়াও যারা হামলার পরিকল্পনা করেছিল, তাদেরকেও কল্পনার বাইরে শাস্তি দেয়া হবে’।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহারের মধুবনিতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের জনসভায় মোদী পুনর্ব্যক্ত করেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতির সংকল্প অটল থাকবে’।

তিনি ঘোষণা করেন, ‘বিহারের মাটি থেকে সমগ্র বিশ্বকে বলছি, আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সন্ত্রাসীদের তাড়া করব’।

নরেন্দ্র মোদি জোর দিয়ে বলেন, ‘সন্ত্রাসবাদ ভারতের চেতনাকে কখনো ভেঙে ফেলতে পারবে না। সন্ত্রাসবাদ শাস্তি ছাড়া যাবেও না’।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সম্মিলিত অঙ্গীকারকে আরও দৃঢ় করে মোদি বলেন, ‘পুরো জাতি এই সংকল্পে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে’।

পহেলগামের বৈসরণে মঙ্গলবারের (২২ এপ্রিল) সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত এবং ১০ জন আহত হন। হামলাটি জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদের বিষয়টি ফের সামনে এনেছে। অপরাধীদের জবাবদিহি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সরকারও।


‘ভারতের আত্মার উপর আক্রমণের সাহস দেখানো’ হামলাকারীদের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা এবং এই কঠিন সময়ে ভারতের সাথে সংহতি প্রকাশকারী দেশ ও বিশ্বনেতাদের ধন্যবাদ জানান তিনি।

সমাবেশে অংশ নেয়া বিশাল জনতার সঙ্গে পহেলগাম হামলার শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবে বসে থাকতেও সমবেতদের আহ্বান জানান তিনি।

হামলার নিন্দা জানিয়ে সমাবেশে জাতির সাথে সংহতি এবং সন্ত্রাসবাদকে পরাজিত করার সম্মিলিত সংকল্প পুনর্ব্যক্ত করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পঞ্চায়েতি রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং আরও যোগ করেন, সমগ্র জাতি প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আস্থা রেখেছে এবং আত্মবিশ্বাসী যে, এই হামলায় দায়ীদের বিরুদ্ধে নির্ণায়ক জবাব দেবেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ