শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ, অনড় মোদী সরকার
মেডিকেল ভর্তি পরীক্ষা নিট’র প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চললেও সেই দাবি মানা হবে না বলে স্পষ্ট জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায়ের সূত্র বলেছে, ৫৭ বছর বয়সী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই এবং সরকার তার পাশে রয়েছে।
আন্দোলনকারী ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও শিক্ষার্থীরা জানিয়েছে, আন্দোলন প্রত্যাহারের প্রধান শর্তই হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অপসারণ। তবে সরকারি সূত্র এ দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছে।
সরকারের এক শীর্ষ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘পদত্যাগ নেওয়াই সবচেয়ে সহজ সিদ্ধান্ত। কিন্তু জনগণ আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে, আমরা তা পালন করব।’
একই সঙ্গে সরকার জানিয়েছে, পরীক্ষা পরিচালনাকারী ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর বিভিন্ন ত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে। খুব শিগগিরই এসব সমস্যার স্থায়ী সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।
সরকারি সূত্রের দাবি, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্রকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: এনডিটিভি
মতামত দিন