Views Bangladesh Logo

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে মোদির ভিডিও বার্তা

ভারতে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার গভীর রাতে দেওয়া ওই বার্তায় তিনি বলেন, প্রশ্নফাঁস রোধে সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে এবং শুক্রবার এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনের মধ্যেই মোদি এ বার্তা দেন। একই দিনে প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনেরও ঘোষণা দেওয়া হয়।

ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। গত আড়াই মাসে এ সমস্যা মোকাবিলায় সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হওয়ার বিষয়টি বিবেচনায় দ্রুত পরীক্ষার আয়োজন করে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

মোদি জানান, প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনে প্রয়োজনীয় অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি আলোচনা হবে এবং অনুমোদন পেলে আগামী সপ্তাহে এ-সংক্রান্ত বিল সংসদে পাসের চেষ্টা করবে সরকার।

এদিকে বৃহস্পতিবার রাতেই শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল করেছে ভারত সরকার। শিক্ষা সচিব বিনীত যোশির স্থলে নরেশ গাঙ্গওয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, শুক্রবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আন্দোলনকারীরা এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ