Views Bangladesh Logo

আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা মারা গেছেন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। রোববার (১২ জুলাই) দেশটির সরকার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি কাতারের শাসনভার পালন করেন এবং আধুনিক কাতার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আমিরের কার্যালয়ের এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুর সংবাদ জানাচ্ছি। আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন।’

১৯৯৫ সালের জুনে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে বিদেশে অবস্থানরত বাবা শেখ খলিফা বিন হামাদ আল থানির কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন শেখ হামাদ। সে সময় কাতারের অর্থনীতি তুলনামূলক দুর্বল ছিল। তার নেতৃত্বে দেশটি দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়।

তার শাসনামলেই ১৯৯৬ সালে আমিরের এক অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার যাত্রা শুরু হয়, যা পরে বিশ্বজুড়ে অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যমে পরিণত হয়।

২০১৩ সালের জুনে শেখ হামাদ স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তার ছেলে ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে। আরব বিশ্বের সাম্প্রতিক ইতিহাসে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তরের এমন ঘটনা ছিল বিরল।

প্রায় ৩০ লাখ জনসংখ্যার কাতারের অধিকাংশই প্রবাসী। দেশটি ১৯৭১ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে দেশটি শাসন করে আসছে আল থানি রাজপরিবার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ