Views Bangladesh Logo

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিষিদ্ধ, হাসনাত বললেন ‘জালিয়াতির কৌশল’

 VB  Desk

ভিবি ডেস্ক

ভোটকেন্দ্রে ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে নির্বাচন কমিশনের (ইসি) নতুন নির্দেশনার সমালোচনা করেছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি এ সিদ্ধান্তকে ‘হঠকারী’ এবং ‘ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়ার কৌশল’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও এই নির্দেশনার আওতায় নয়। এটা স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছে থাকলেই এমন নির্দেশ দেয়া সম্ভব।’

হাসনাত আরও বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এমনটা আগে কখনো দেখিনি। এর ফলে কোনো বিপদ হলে কল করে কাউকে জানানোও সম্ভব হবে না। অনেক ভোটার নিরাপত্তাহীনতার কারণে মোবাইল না নিতে পারলে ভোট দিতে পারবেন না।

তিনি উল্লেখ করেন, ‘সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে আসবে না। মোবাইল ব্যবহার করে সাংবাদিকরা অনিয়ম ও জালিয়াতির চিত্র তুলে ধরতে পারবে, যা সিসি ক্যামেরা পারবে না। কেন্দ্র দখল বা ভোট চুরি প্রতিরোধে ব্যক্তিগত ফোন কার্যকর হবে। মোবাইল নিষিদ্ধ করা মানে স্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেওয়া।’

নির্বাচন কমিশন (ইসি) প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ ও নির্দিষ্ট আনসার সদস্য ছাড়া কাউকে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি দেয়নি। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম রোববার (৮ ফেব্রুয়ারি) নোটিশ জারি করেছেন।

অধিকাংশ সাংবাদিক ভোটগ্রহণের দিন ফটো ও ভিডিও রেকর্ডিং কাজে মোবাইল ব্যবহার করেন। এ কারণে সাংবাদিকরা বিপাকে পড়বেন। এ প্রথমবার ইসি এমন মোবাইল ব্যবহারের বিধিনিষেধ আরোপ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ