Views Bangladesh Logo

মব-সহিংসতা গুরুতর ফৌজদারি অপরাধ: এনসিপি

 VB  Desk

ভিবি ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুরে মাজারে হামলা ও পীর হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

শনিবার (১২ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে এনসিপি বলেছে, ‘মব-সহিংসতা’ একটি গুরুতর ফৌজদারি অপরাধ। ধর্ম অবমাননার মতো সংবেদনশীল অভিযোগের বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত, কোনোভাবেই গণপিটুনি বা সহিংসতার মাধ্যমে নয়।

দলটি অভিযোগ করে, এ ধরনের মব সহিংসতা স্থানীয় ক্ষমতার ছত্রছায়া ছাড়া সম্ভব নয়। অতীতেও রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং এর জেরে মাজারে হামলার ঘটনা ঘটে। পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সতর্কতা নিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি এনসিপির।

এনসিপি আরও অভিযোগ করে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘মব কালচার’ বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং কিছু ক্ষেত্রে সরকার-সমর্থিত পক্ষের মব কর্মকাণ্ডের অভিযোগও তোলা হয়েছে।

দলটির মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল নেই। তাই স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ