Views Bangladesh Logo

খিলক্ষেতে শিশু নিখোঁজের পর পরিবারকে অজ্ঞাত ব্যক্তির ফোন, শোনা গেল কান্না

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর পরিবারের কাছে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে নাঈমকে নিজেদের হেফাজতে রাখার দাবি করা হয়েছে। ফোনের অপর প্রান্ত থেকে শিশুটির কান্নার শব্দ শোনা গেছে বলে জানিয়েছে পরিবার। একই সঙ্গে তাকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার কথাও জানানো হয়।

গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুল রোড এলাকার ভাড়া বাসা থেকে রাগ করে বের হওয়ার পর নাঈমের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার মা মোছা. শরীফা খাতুন খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করেছেন।

নাঈমের বাবা মো. বাবুল ইসলাম ও মা মোছা. শরীফা খাতুন। তাদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুল রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন।

নাঈমের চাচা গোলাম হুসাইন জানান, বৃহস্পতিবার বিকেলে ছয় বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে নাঈমের ঝগড়া হয়। এ ঘটনায় তার মা তাকে বকাঝকা করলে অভিমান করে নাঈম বাসা থেকে বেরিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। ওই সময় নাঈমের সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

শিশুটিকে উদ্ধারের জন্য পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ও গোয়েন্দা পুলিশের কাছে আবেদন করা হয়েছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের কাছে করা আবেদনের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে নাঈমের পরিবারের কাছে ফোন আসে। ফোনকারী দাবি করেন, নাঈম তাদের হেফাজতে রয়েছে। এ সময় ফোনের অপর প্রান্ত থেকে শিশুটির কান্নার শব্দ শোনা যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফোনকারী আরও দাবি করেন, নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখা হয়েছে। পরে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ রয়েছে বলে জানিয়ে ওই ব্যক্তি ফোনটি কেটে দেন। এরপর থেকে নম্বরটিতে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাব আল হোসাইন বলেন, শিশুটির নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ