নিখোঁজের ২৩ দিন পর উদ্ধার কলাবাগান থানার এসআই রাকিবুল
রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) নিখোঁজ হওয়ার ২৩ দিন পর উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ মে) তার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।
তিনি জানান, বর্তমানে এসআই রাকিবুলকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। তবে দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন বা কী কারণে নিখোঁজ ছিলেন—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান ব্যারাক থেকে রাত্রিকালীন দায়িত্ব পালনের উদ্দেশ্যে বের হন এসআই রাকিবুল। এরপর তিনি আর থানায় ফিরে আসেননি।
পরদিন থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার খোঁজ না পেয়ে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং সারাদেশে তার সন্ধানে বার্তা পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে এবং বাইরে নানা প্রশ্ন তৈরি হয়েছে, তবে তদন্ত বা কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে