Views Bangladesh Logo

শিশুর মরদেহ উদ্ধার: হাতিরঝিল থানা ঘেরাও, সড়ক অবরোধ এলাকাবাসীর

রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম উলন এলাকায় নির্মাণাধীন ভবনে লিফটের ফাঁকা স্থানে ৬ বছর বয়সী শিশু তাহেদী আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ স্থানীয়রা।

শিশুটির স্বজনেরা জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে শিশুটি বাসার বাইরে যায়। এর পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির পর রাত ১২টার কিছু আগে পাশের একটি নির্মাণাধীন ভবনে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় নিথর শিশুটিকে খুঁজে পাওয়া যায়।

উদ্ধার করে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বুধবার ভোরে পুলিশ এসে শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে লিফটের ফাঁকা স্থানে পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং কেউ দায়ী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ