বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার পর দূতাবাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে বলে নিশ্চিত করেছে ইরাকি নিরাপত্তা সূত্র।
নিরাপত্তা সংশ্লিষ্ট দুইজন কর্মকর্তা বার্তা সংস্থা এপি-কে জানান, শনিবার (১৪ মার্চ) ক্ষেপণাস্ত্রটি গ্রিন জোন এলাকায় অবস্থিত দূতাবাস কম্পাউন্ডের একটি হেলিপ্যাডে আঘাত হানে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা আরও জানান, বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত এই গ্রিন জোন এলাকাতেই ইরাকের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন বিদেশি দূতাবাস অবস্থিত।
ইরাকি নিরাপত্তা সূত্রের তথ্যমতে, এই হামলায় দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হামলার পর দূতাবাস কম্পাউন্ডের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত বা সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়নি।
এ বিষয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যম সানা ও আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর এই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটল।
এর আগে শুক্রবার দূতাবাসের পক্ষ থেকে ইরাকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ‘লেভেল-৪’ সতর্কতা জারি করা হয়েছিল। সেখানে সতর্ক করে বলা হয়, ইরান ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিক, স্বার্থ এবং অবকাঠামোতে হামলা চালিয়েছে এবং তারা পুনরায় এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে