Views Bangladesh Logo

বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভ্রান্ত। বিএনপি জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্যে সংসদে সংশ্লিষ্ট কমিটি গঠন করে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময় হয়েছে। তাই সব পরিবর্তন একসঙ্গে সম্ভব নয়। তবে জুলাই ঘোষণার প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে।

গণভোট ও সংবিধান সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও সেগুলোর সমাধান সংসদে আলোচনার মাধ্যমেই হওয়া উচিত।

এ বিষয়ে সব রাজনৈতিক দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিরোধী দলগুলোর প্রতি ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক সংকট মোকাবিলা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার সবাইকে সঙ্গে নিয়েই এগোতে চায়। এজন্য সরকারকে প্রতিশ্রুত কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সময় ও সুযোগ দিতে হবে।

অনুষ্ঠানে বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ