Views Bangladesh Logo

রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপির পদ ও মন্ত্রিত্ব ছাড়লেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও ছেড়ে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পাওয়ার পর সাংগঠনিক পদ এবং সরকারের মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মির্জা ফখরুল।

এর আগে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরপরই তিনি দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির দায়িত্ব এবং মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন।

বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মির্জা ফখরুল। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। পরে ২০১৬ সালে বিএনপির জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। এরপর থেকে দলের কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।

বিএনপির দুই শীর্ষ নেতা খালেদা জিয়ার কারাবাস এবং তারেক রহমানের দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের সময় দলের নেতৃত্বে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলায় তাকে কারাগারেও যেতে হয়েছে। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় বিএনপির ভেতরে ও বাইরে তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিতি পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দলের অবস্থানও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ