Views Bangladesh Logo

বন্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মির্জা ফখরুলের

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রতিটি মন্ত্রণালয় ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে হবে।

মন্ত্রী বলেন, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার বন্যা মোকাবিলায় সর্বাত্মকভাবে কাজ করছে। তিনি ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, কোনো ধরনের অনিয়ম ছাড়াই প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ক্ষতিগ্রস্তদের একটি নির্ভুল তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, এতে ত্রাণ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে। পাশাপাশি সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ অবকাঠামো সচল রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সভায় বন্যা-পরবর্তী পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—পানি নেমে যাওয়ার পর প্রকৃত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালনা, কৃষকদের মধ্যে নতুন বীজ বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা এবং রোগব্যাধি প্রতিরোধে স্বাস্থ্যসেবা জোরদার করা।

এ ছাড়া এলজিইডির আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার এবং সড়ক ও জনপথ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার আওতাধীন মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম সমন্বিতভাবে চালিয়ে যাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ