চিকিৎসায় অগ্রগতি, যেকোনো সময় দেশে ফিরবেন মির্জা আব্বাস
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে থেরাপি সেশন শেষে মির্জা আব্বাস স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে উন্মুক্ত স্থানে হাঁটাচলা এবং হালকা শারীরিক ব্যায়াম করেছেন।
শায়রুল কবির খান বলেন, ‘মির্জা আব্বাস মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা তাঁকে নিয়মিত থেরাপি, হাঁটাচলা ও ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।’
দলীয় ও পারিবারিক সূত্র জানিয়েছে, যেকোনও সময় দেশে ফিরবেন তিনি।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে এক মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে ফিজিওথেরাপির জন্য তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।
মতামত দিন