আগের চেয়ে অনেকটাই সুস্থ মির্জা আব্বাস: আলাল
মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শনিবার (৪ জুলাই) মালয়েশিয়ায় মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ শেষে আলাল বলেন, আগের তুলনায় মির্জা আব্বাস অনেকটাই সুস্থ আছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে ২৯ জুন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস নিয়মিত থেরাপি নিচ্ছেন। থেরাপি শেষে তিনি স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে হাঁটাচলা ও হালকা শারীরিক ব্যায়ামও করছেন।
বর্তমানে তিনি মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে পায়ের থেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা তাকে নিয়মিত থেরাপি, হাঁটাচলা ও ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
চলতি বছরের ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
মতামত দিন