নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনে জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী’ বলে জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে সেই ফলাফল মেনে নেবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা আব্বাস বলেন, “এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে। বড় ধরনের কোনো বিঘ্ন ঘটার খবর আমরা পাইনি।”
একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাসির উদ্দিন পাটোয়ারীর অভিযোগের বিষয়ে মির্জা আব্বাসের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টিকে নাকচ করে দেন। এর আগে নাসির উদ্দিন অভিযোগ করেছিলেন, বিএনপি কর্মীরা তাঁর পোলিং এজেন্টদের বেশ কিছু কেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছে।
এর জবাবে মির্জা আব্বাস বলেন, এটি পাটোয়ারীর ব্যক্তিগত মতামত। গণতান্ত্রিক দেশে যে কেউ নিজের মত প্রকাশ করতে পারেন, তাতে আমার কোনো বাধা নেই।
বরং পাল্টা দাবি করে তিনি বলেন, অনেক কেন্দ্রে এনসিপি এজেন্ট পাঠাতেই ব্যর্থ হয়েছে, আর এখন সেই দায় অন্যদের ওপর চাপাচ্ছে।
এ সময় নিজের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্টদের সতর্ক করে মির্জা আব্বাস বলেন, “জনগণ যাকে খুশি ভোট দেবে, সেই রায় আমরা মেনে নেব। কিন্তু পর্দার আড়ালে যদি কোনো ফলাফল পরিবর্তনের চেষ্টা বা ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিং’ করা হয়, তবে দেশবাসী তা প্রত্যাখ্যান করবে এবং আমরাও সেই ফল মানব না।”
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে