বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন, তল্লাশির পর চলাচল স্বাভাবিক
রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকার খবরে প্রায় ৫২ মিনিট স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশিতে সেটি বিস্ফোরক নয় বলে নিশ্চিত হওয়ার পর মেট্রোরেল চলাচল আবারও স্বাভাবিক করা হয়।
শনিবার (১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুপুর ১২টা ৫৮ মিনিটে স্টেশন এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান নিরাপত্তাকর্মীরা। এরপর নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে তাৎক্ষণিকভাবে মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
তিনি জানান, যাত্রীদের দ্রুত স্টেশন থেকে নিরাপদে বের করে দেওয়া হয়। একই সঙ্গে ওই সময় মিরপুর-১০ স্টেশনে কোনো ট্রেন থামানো হয়নি। ট্রেনগুলো স্টেশনটি এড়িয়ে চলাচল করে।
খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষায়িত সরঞ্জাম ব্যবহার করে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে।
প্রাথমিক তদন্তে দেখা যায়, সেটি কোনো বোমা বা বিস্ফোরক নয়; বরং একটি কৌটা ছিল। এরপর নিরাপত্তা সংস্থাগুলো এলাকা নিরাপদ ঘোষণা করলে দুপুর ১টা ৫০ মিনিটে মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম পুনরায় চালু করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, পুরো ঘটনায় সর্বোচ্চ সতর্কতা অনুসরণ করা হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক বস্তুটি সেখানে কীভাবে এল, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।
মতামত দিন