Views Bangladesh Logo

মিরপুর-১০ ও ফার্মগেটে আতঙ্কের অবসান, সন্দেহজনক ব্যাগে মেলেনি বিস্ফোরক

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পাওয়া সন্দেহজনক দুটি ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উভয় স্টেশনের কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পৃথকভাবে দুটি সন্দেহজনক ব্যাগের খবর পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে দুটি স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ওই সময় ট্রেন দুটি স্টেশনে না থেমে চলাচল করে।

খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। প্রথমে মিরপুর-১০ স্টেশনে পাওয়া ব্যাগটি এক্স-রে স্ক্যান করা হয়। পরে নিরাপদ উপায়ে সেটি খুলে পরীক্ষা করে দেখা যায়, ভেতরে একটি জর্দার কৌটা ও পান ছাড়া আর কিছুই নেই। কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

অন্যদিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে পড়ে থাকা সন্দেহজনক বস্তাটিও পরীক্ষা করে বোম্ব ডিসপোজাল ইউনিট। সেখানেও কোনো বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ বস্তু পাওয়া যায়নি। পরীক্ষা শেষে বেলা ১টা ৪০ মিনিটের দিকে দুই স্টেশনের কার্যক্রম পুনরায় চালু করা হয়। বর্তমানে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

এমআরটি পুলিশের পরিদর্শক মো. সোহেল চৌধুরী জানান, নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর ট্রেন চলাচল আগের মতোই শুরু হয়েছে এবং যাত্রীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এর আগে মিরপুর-১০ স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ এবং ফার্মগেট স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে আরেকটি পরিত্যক্ত বস্তা দেখতে পান কয়েকজন। বিষয়টি জানানো হলে মেট্রোরেল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করে।

ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সন্দেহজনক কোনো বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ