৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মিরপুর-১১ থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
সকাল ৯টার দিকে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল ১০টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মিরপুর, কাজীপাড়া ও আগারগাঁওসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিসগামী মানুষও ভোগান্তিতে পড়েন।
অবস্থানরত শ্রমিকদের একজন সুমন জানান, বেতন বাড়ানোর দাবিতে তাঁরা রাস্তায় নেমেছেন। দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।
মিরপুর বিভাগের পুলিশের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসির রিকাবদার জানান, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশ।
পুলিশের উপস্থিতির পর শ্রমিকেরা মিরপুর-১০ গোলচত্বর এলাকা থেকে সরে যান। এতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
মতামত দিন