Views Bangladesh Logo

মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজু (৪০) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ শান্ত ভূঁইয়া নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর–১০ এর চৌরঙ্গী মার্কেটের নিচে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় সিজুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

জানা গেছে, গুলিবিদ্ধ সাইফুল ইসলাম মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মিরপুর–১০ নম্বরের চৌরঙ্গী মার্কেট এলাকার ৯৬ নম্বর বাসার প্রধান ফটকের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে এক ব্যক্তি পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালানোর সময় আতঙ্ক সৃষ্টি করতে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। মোট ছয় রাউন্ড গুলির শব্দে আশপাশের লোকজন বেরিয়ে এসে হামলাকারীকে ধাওয়া করেন। তখন ওই ব্যক্তি কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকার মুন্সিবাড়ি মসজিদে ঢুকে আত্মগোপনের চেষ্টা চালান। তবে স্থানীয়রা তাকে সেখানেই আটক করেন। খবর পেয়ে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি মিরপুর থানাকে জানায়। পরে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শান্ত ভুইয়া নামে ওই ব্যক্তিকে একটি পিস্তলসহ নিজেদের হেফাজতে নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বের বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়। হামলাকারী ছিলেন দুজন, অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গুলিবিদ্ধ সাইফুল ইসলামের শরীরে বুধবার অস্ত্রোপচার হবে। আপাতত তার অবস্থা স্থিতিশীল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ